কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মোজাহিদ।
৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে দেওয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলা দেশের অন্যতম দরিদ্র ও অবহেলিত অঞ্চল। জেলার বিপুলসংখ্যক সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের প্রধান ভরসা হলো কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তীব্র চিকিৎসক সংকটের কারণে হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনুমোদিত পদ অনুযায়ী যেখানে প্রায় ১২০ জন চিকিৎসক থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র ১৯ জন চিকিৎসক দিয়ে হাসপাতালের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে রোগীরা প্রয়োজনীয় ও সময়োপযোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ অবস্থায় জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। চাহিদার তালিকায় চর্মরোগ বিশেষজ্ঞ, প্যাথলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ এবং ডেন্টাল সার্জনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ও কার্যকর রাখতে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।