চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করে রমরমা চলছে অবৈধ বালু ব্যবসা। প্রশাসনের কোনো দৃষ্টি নেই বললেই চলে। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে এলাকাবাসীর যৌথ উদ্যোগে অবৈধ বালুর ট্রাকের যাতায়াত বন্ধ করতে রাস্তা অবরোধ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চিলমারী উপজেলার, রানিগঞ্জ ইউনিয়নের, পাটোয়ারী মৌজার, চড়ুয়াপাড়া গ্রামে। অবরোধকারীরা জানান, এটি একটি গ্রামীণ সড়ক। আর এ সড়কে দিনে এমনকি গভীর রাত পর্যন্ত চলে অবৈধ বালুর ট্রাক। প্রবল গতিতে গাড়ির চলাচলের ফলে রাস্তার দু’ধারের মাটি সরে যাচ্ছে এবং কোথাও কোথাও রাস্তায় ফাটল দেখা দিচ্ছে। তাছাড়াও এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন স্কুলের শিক্ষাথী, বাজারে ক্রেতা সহ প্রায় পাঁচ গ্রামের মানুষ, গ্রামীণ রাস্তা হিসেবে রাস্তাগুলোর প্রস্থ বেশ কম হওয়ার করনে যখন গাড়ি চলাচল করে তখন লোকজনের চলাচলে ব্যপক সমস্যা দেখা যায়, এমনকি দুর্ঘটনারও দৃশ্য লক্ষ করা গেছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, রাতে ট্রাক্টরের বিকট শব্দে ঘুমের চরম ব্যাঘাত ঘটছে শিশু থেকে বৃদ্ধ সকলের, এমনকি তারাবীর নামাজও সঠিকভাবে পড়তে পারছেন না তারা। তাই এলাকাবাসী উপায় না পেয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। তবে রাস্তায় যাতে অবৈধ বালুর ট্রাক্টর ব্যতীত অন্য গাড়ি চলতে পারে সেদিকে লক্ষ রাখা হয়েছে।