• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিনিধি / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

দেশের স্বাস্থ্যব্যবস্থায় ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের (SACMO) নিয়মিত নিয়োগ, উচ্চশিক্ষা, পদোন্নতি এবং সুস্পষ্ট ক্যারিয়ার কাঠামো নিশ্চিত করার দাবি উঠেছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণ ও প্রশাসনিক কাঠামোয় চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্টসহ সব স্বাস্থ্য পেশাজীবীর যৌক্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএমএফ পেশাজীবীদের অভিযোগ, দেশের প্রাথমিক ও তৃণমূল স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার অগ্রগতির পর্যাপ্ত সুযোগ নেই। দীর্ঘদিন চাকরি করার পরও অনেকের সামনে সুস্পষ্ট পদোন্নতির পথ না থাকায় পেশাগতভাবে স্থবিরতার সৃষ্টি হচ্ছে।

তাদের দাবি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডিপ্লোমা একটি স্বীকৃত শিক্ষাধারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, নার্সিং, মেডিকেল টেকনোলজি ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকলেও ডিএমএফ ডিগ্রিধারীদের জন্য একই ধরনের ধারাবাহিক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাঠামো পর্যাপ্ত নয়।

সংশ্লিষ্টদের ভাষ্য, দেশের স্বাস্থ্যব্যবস্থায় ডিএমএফ ডিগ্রিধারী ও SACMO-রা বিশেষ করে প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রোগীর প্রাথমিক মূল্যায়ন ও নির্ধারিত কর্মপরিধির মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন তারা।

ডিএমএফ পেশাজীবীদের একটি অংশের অভিযোগ, স্বাস্থ্য খাতে বিভিন্ন পেশার মধ্যে সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষা ও পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এ অবস্থার অবসান ঘটিয়ে যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে সব স্বাস্থ্য পেশাজীবীর জন্য পৃথক ও সুস্পষ্ট ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।

তারা আরও বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে Physician Assistant/Associate, Clinical Officer ও Feldsher-এর মতো মধ্যম পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রদানকারীরা নিজ নিজ দেশের আইন, শিক্ষা, লাইসেন্সিং ও নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী স্বাস্থ্যসেবায় ভূমিকা পালন করছেন। তবে দেশভেদে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো ভিন্ন হওয়ায় বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএমএফ পেশাজীবীদের জন্য নিজস্ব উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাঠামো তৈরির প্রয়োজন রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তাদের দাবি কোনো পেশাজীবী গোষ্ঠীর সুযোগ-সুবিধা কমানো নয়। বরং ডিএমএফ/SACMO পেশাজীবীদের নিয়মিত নিয়োগ চালু, স্বীকৃত উচ্চতর ও ব্রিজিং শিক্ষার সুযোগ সৃষ্টি, অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, সুস্পষ্ট ‘স্কোপ অব প্র্যাকটিস’ নির্ধারণ এবং স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণে সব পেশার যৌক্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তাদের মূল দাবি।

তাদের ভাষ্য, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, SACMOসহ প্রত্যেক স্বাস্থ্য পেশাজীবীর মধ্যে পারস্পরিক সম্মান ও সমন্বয় প্রয়োজন।

“আমরা কারও অধিকার কেড়ে নিতে চাই না। আমরা ডিএমএফ পেশাজীবীদের ন্যায্য নিয়োগ, উচ্চশিক্ষা, পদোন্নতি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার দাবি জানাই”— এমনটাই জানিয়েছেন দাবির সঙ্গে সংশ্লিষ্টরা।

তারা মনে করেন, বৈষম্য দূর করে যোগ্যতাভিত্তিক ক্যারিয়ার অগ্রগতির সুযোগ সৃষ্টি করা হলে ডিএমএফ পেশাজীবীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি দেশের তৃণমূল স্বাস্থ্যসেবাও আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category