কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা। অনুষ্ঠানে ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবের ঘটনায় শহীদদের দ্রুত বিচার দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আজ ২৮ অক্টোবর, পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও ছাত্রলীগ ইসলামী ছাত্রশিবিরের ভাইদের যেভাবে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে খুন করেছে, আমরা অবিলম্বে তার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, ২৮ অক্টোবর কুড়িগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে লগি-বৈঠা দিয়ে যারা আমাদের ভাই রফিককে শহীদ করেছে, বর্তমান সরকারের কাছে আমরা তাদের খুব দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট জুয়েল রানা ও রোমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।