কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিজিবি মোড় এলাকায় একটি দোকানের আড়ালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে অবৈধ মোবাইল ফোন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার মাধ্যমে দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে এসব ফোন সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, এর আগেও রতনকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছিল। এবার বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।