কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সবেদের মোড় আব্দুল মান্নান অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সমন্বয়ে এক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাজিদুল ইসলাম মুকুল সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ অমিত হাসান হৃদয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পাঠদান ও পারিবারিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। উপস্থিত সবাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।