কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৩টি, দ্বিতীয় ধাপে ৩টি, তৃতীয় ধাপে ২টি এবং চতুর্থ ধাপে ১টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম ধাপে কুড়িগ্রাম জেলার কোনো উপজেলা রাখা হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেলাভিত্তিক ধাপের তথ্য থেকে জানা গেছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি, রাজারহাট উপজেলার ৭টি এবং ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে জেলায় মোট ২১টি ইউনিয়ন রয়েছে।
দ্বিতীয় ধাপে রয়েছে রৌমারী উপজেলার ৬টি, চর রাজিবপুর উপজেলার ৩টি এবং চিলমারী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ। এ ধাপে মোট ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
তৃতীয় ধাপে নাগেশ্বরী উপজেলার ১৪টি এবং ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মোট ২৪টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, চতুর্থ ধাপে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তালিকায় কুড়িগ্রাম জেলার কোনো ইউনিয়ন পরিষদকে পঞ্চম ধাপে রাখা হয়নি।
এদিকে, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী,তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
কুড়িগ্রামের ৯টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলো চারটি ধাপে অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।