সরকারের প্রথম ছয় মাসই তাদের ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। একই সঙ্গে লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার চিত্রই তুলে ধরছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, মানুষ হত্যার পর পুলিশ অনেক ক্ষেত্রে খুনিদের গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত কার্যকর হয় না। নিম্ন আদালতে রায় হলেও অনেক সময় তা বাস্তবায়ন করা হয় না। ফলে আদালতের অন্দরেই বিচার পথ হারাচ্ছে।
তার ভাষ্য, জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটনের আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে ব্যর্থ হয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সংকটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের বিষয়ে তারা বারবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ ক্ষেত্রে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হলেও সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয় অনুসরণ করা হয়নি।
তিনি আরও বলেন, সংস্কারের অন্যান্য ক্ষেত্রেও সরকার বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সাংবিধানিক সুযোগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে।
সরকারকে সতর্ক করে চরমোনাই পীর বলেন, সংস্কার না করলে ভবিষ্যতে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।