জামালপুর, ১৯ আগস্ট: জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট রাত আনুমানিক ১১টায় জামালপুর ব্যাটালিয়নের অধীন মোল্লারচর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৬২/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাতানিপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৮৭/১০-এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন আরও ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
জব্দ করা ৪০ বোতল ভারতীয় মদের বিষয়ে রৌমারী থানায় এবং ৯৫ বোতল ভারতীয় মদের বিষয়ে বকশিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে সেগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানিয়েছে, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বাহিনীটি দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।