কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজের পার বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এ সময় ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল কাদের সার বিক্রির পর ক্রেতাকে বিক্রয় রসিদ না দেওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, একই দিন বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিক্রয় রেজিস্টারের তুলনায় ৮ বস্তা ডিএপি সার বেশি মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।