কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। এতে কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির বিষয়গুলো গুরত্ব পায়।
অনুষ্ঠানে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আব্দুস সামাদ খান, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মো: মাহবুবুল আলম বসুনিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: একরামুল হক পাটওয়ারী। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।