প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এ সমন্বিত অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সংগ্রাম নতুন মাত্রা লাভ করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। এটিও দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
সশস্ত্র বাহিনীকে সাহসিকতা, শৌর্য, সংকল্প ও শৃঙ্খলার ভিত্তিতে গড়ে ওঠা জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা দেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারত্ব, সততা, দক্ষতা ও কর্মক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, দুর্যোগ ও দুর্বিপাকের সময় বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা তাদের জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।
তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, আধুনিক, ক্ষিপ্র ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় ছিল।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় ঐতিহাসিক সময়ে বাহিনী দেশের ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে।
বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)