স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলনের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মুখে পড়েছে গণমাধ্যম প্রতিষ্ঠান ‘প্রথম টিভি’।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রথম টিভি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরা হয়। অনুসন্ধানে স্থানীয়দের দাবি অনুযায়ী, কিছু প্রভাবশালী মহল ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছত্রছায়ায় এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রতিবেদন প্রকাশের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একাংশ প্রতিবেদনের প্রতি সমর্থন জানালেও অপর একটি পক্ষ প্রথম টিভির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, অশালীন মন্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে অভিযোগ রয়েছে, “মোঃ ইলিয়াস কাঞ্চন” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রথম টিভির উদ্দেশ্যে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সত্যনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার কারণে যদি গণমাধ্যমকর্মীদের হুমকি ও চাপের মুখে পড়তে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে প্রথম টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের নীতি থেকে সরে আসবে না। পাশাপাশি যেকোনো ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।