জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও অভিযোগ তদন্তের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জেলা এনসিপির আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা এনসিপির কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া কমিটির অনুমোদন দেন। পরে জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন—জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন এবং পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রদানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নতুন শৃঙ্খলা কমিটি দলীয় শৃঙ্খলা বজায় রাখা, অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, কুড়িগ্রাম জেলা এনসিপি একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।