নেত্রকোণার পৌর শহরে ভাড়া বাসা থেকে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পৌর শহরের কুরপাড় গ্যাস অফিস সংলগ্ন তিতাস নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ তালুকদার (৩০) আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি তিতাস নগরের ওই বাসায় বসবাস করতেন এবং সাতপাই এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।