শহিদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ৪৫তম মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে ৪৫টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।
এ কর্মসূচির আয়োজন করেন আরিফুল ইসলাম আরিফ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।