সামাজিক ন্যায় বিচার, সুশাসন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। কুরবানির এই মহিমান্বিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হলে সমাজে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সামাজিক ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় ২৬/কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের পক্ষ থেকেও কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।
মোঃ মুকুল মিয়া বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ ও মানবতার এক অনন্য শিক্ষা। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”
তিনি কুড়িগ্রামবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মীরাও এ সময় দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।