শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ‘আঁকিবুঁকি প্রতিযোগিতা’। গ্রোথ ইউনাইটেড স্টুডেন্ট কমিউনিটি (জিইউএসসি) ফেনী ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রঙ-তুলির মাধ্যমে নিজেদের কল্পনা, চিন্তাভাবনা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। আয়োজনটি তিনটি বিভাগে বিভক্ত ছিল। প্রতিটি বিভাগে নির্ধারিত বিষয়ের ওপর ছবি আঁকার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
আঁকিবুঁকি প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ‘Brain Sparks’ শীর্ষক বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এতে ক্ষুদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের সাধারণ জ্ঞান, চিন্তাশক্তি ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গ্রোথ ইউনাইটেড স্টুডেন্ট কমিউনিটি ফেনী ডিস্ট্রিক্ট কমিটির সদস্য এবং অর্গানাইজিং প্রজেক্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা ও অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘Brain Sparks’ পর্বে সঠিক উত্তর প্রদানকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।