কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে হামলার শিকার সাংবাদিক জুবাইর নিজে বাদী হয়ে এজাহারটি উলিপুর থানায় জমা দেন। এজাহারটি থানায় পৌঁছে দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
এজাহারে উপজেলা বিএনপি নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ ১৪ জনের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
সাংবাদিক জুবাইর জানান, গত ৫ আগস্ট উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে তাকে অনুষ্ঠানস্থল থেকে টেনে বের করে হামলা করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত অবস্থায় তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বিষয়ে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, এজাহার পাওয়া গেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সাংবাদিক জুবাইর অভিযোগ করেছেন, হামলার পর তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।