কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্বরে অবস্থিত জান্নাত হোটেলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শনিবার (৮ আগস্ট) জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলের রান্নাঘরে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রান্নাঘর সংলগ্ন ওয়াশরুমের ব্যবহার, ফ্রিজে লেবেলবিহীন দই, পোড়াতেল ও অননুমোদিত উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।



এসব অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫৩ ধারায়
প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুদ্দিন। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় সার্বিক সহযোগিতা করে। নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
এ সময় হোটেল কর্তৃপক্ষকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।