পাবনার সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার তিন রাস্তার মোড়ে দুই পক্ষের অবস্থানকে ঘিরে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও কর্মসূচি চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিএনপি সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগ তোলে। এর প্রতিবাদে বিকেলে জামায়াত বিক্ষোভ মিছিল করে এবং পরে বিএনপি পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা মিছিল শুরু করতে গেলে তিন রাস্তার মোড়ে জামায়াতের কিছু নেতাকর্মী অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপি সংক্ষিপ্ত মিছিল শেষে ফিরে যায়।
বিএনপির দাবি, জামায়াতের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, স্থানীয় কিছু কর্মী শুধু রাতের মিছিল বন্ধের দাবি জানিয়েছিলেন এবং পুলিশের আহ্বানে তারা সরে যান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।