জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রাম জেলা শহরের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. সোহেল রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও রিয়াদ রায়হান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান সাজু এবং সদস্য আশিক, সাকিল, শিহাব, জয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. সোহেল রানা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে শুধু স্মরণ নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, সরকারকে সংস্কার, সুশাসন, জবাবদিহি, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণেই জুলাইয়ের চেতনার প্রকৃত বাস্তবায়ন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
শেষে সংগঠনের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।:::