অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এ সময় কেন্দ্রীয়, মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস-২) ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি।
প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফ উদ্দিন জুয়েল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
বক্তারা বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।