কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) নাগেশ্বরী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নওডাঙ্গা স্কুলপাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মফিজুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম কলেজ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইকে বসে মাদক বিক্রির সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ইজিবাইকের ভেতর থেকে হলুদ কসটেপ ও সাদা পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচ ব্যাটারিচালিত একটি নীল রঙের ইজিবাইক এবং একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে ইজিবাইকে করে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ।