সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “রাজ্য জ্যোতি” নামের একটি আইডি থেকে প্রথম টিভি ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের ঘটনায় অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে প্রথম টিভি কর্তৃপক্ষ।
রোববার (০২ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রথম টিভির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের সঙ্গে প্রথম টিভির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
মো.শাহজালাল সবুজ প্রথম টিভির উপদেষ্টা নন
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, মো. শাহজালাল সবুজ প্রথম টিভির কোনো উপদেষ্টা, কর্মকর্তা, প্রতিনিধি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রথম টিভির উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
প্রথম টিভি আরও জানায়, প্রতিষ্ঠানটি একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদমাধ্যম, যা সর্বদা সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রথম টিভির আহ্বান
প্রথম টিভি কর্তৃপক্ষ সবার প্রতি তিনটি আহ্বান জানিয়েছে –
১. অভিযোগ থাকলে প্রমাণসহ উপস্থাপন করুন।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।
২. গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।
দর্শক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করার এবং গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
৩. অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম টিভির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যদি মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার অব্যাহত থাকে, তাহলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিটি প্রথম টিভির চেয়ারম্যান মোহতাসিম বিল্লাহ-এর আদেশক্রমে প্রকাশ করা হয়েছে।
প্রথম টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।