কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি শিপন রহমান (৩৩) এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাসস্ট্যান্ড এলাকা এবং শিপনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রধান আসামি শিপন রহমান উপজেলার দেওয়ানের খামার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তার গ্রেফতারকৃত সহযোগীরা হলেন— দেওয়ানের খামার গ্রামের মোজাহার আলীর পুত্র শাকিল বাবু (১৯), অপু শেখের পুত্র হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার পুত্র শাকিল আহম্মেদ (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দেওয়ানের খামার এলাকায় বিস্তৃত ধানক্ষেত ও সুপারি বাগানে বসে কিছু চিহ্নিত মাদক কারবারি নিয়মিত ইয়াবা সেবন এবং কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে এক কৌশলী অভিযান পরিচালনা করে।
প্রথমে দেওয়ানের খামার বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় শিপনের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারি ও ক্যাসিনো সম্রাট শিপন রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৬০ পিস ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন এবং নগদ ৮৩ হাজার টাকা উদ্ধারসহ শিপনকে গ্রেফতার করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, শিপন এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো সম্রাট। পর্যায়ক্রমে উপজেলার সকল মাদক কারবারি এবং অনলাইন জুয়া বা ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ‘সংশোধিত জুয়া আইন-২০২৬’ ও ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।