রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণে কাজ করা এবং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনই রাজনীতির অন্যতম উদ্দেশ্য—এমন মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ভয়েসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা সাইবার দলের সভাপতি মো. নাজমুল হক।
এক বক্তব্যে তিনি বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মো. ইউনুছ আলীকে নিজের রাজনৈতিক প্রেরণা, আদর্শ ও পথচলার গুরু হিসেবে উল্লেখ করেন।
নাজমুল হক বলেন, ডা. মো. ইউনুছ আলীর প্রতি তাঁর শ্রদ্ধা শুধু পদ-পদবির কারণে নয়; বরং তাঁর পেশাগত অভিজ্ঞতা, রাজনৈতিক আদর্শ এবং জনকল্যাণমূলক চিন্তাভাবনা তাঁকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতিতে বড় পরিচয় পদ নয়—মানুষের আস্থা। বড় অর্জন ক্ষমতা নয়—মানুষের ভালোবাসা।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের কথা উল্লেখ করে নাজমুল হক বলেন, তিনি এমন রাজনীতি প্রত্যাশা করেন যেখানে সততা, যোগ্যতা, দায়িত্বশীলতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ডা. মো. ইউনুছ আলীর অভিজ্ঞতা ও সামর্থ্য কুড়িগ্রাম-১ আসনের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নাজমুল হক আরও বলেন, “আমার কাছে রাজনীতি কোনো ব্যক্তির বন্দনা নয়; রাজনীতি হলো আদর্শ থেকে শিক্ষা নেওয়া এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা।”
সবশেষে তিনি বলেন, “সততা হোক রাজনীতির ভিত্তি, জনকল্যাণ হোক লক্ষ্য, আর মানুষের ভালোবাসা হোক সবচেয়ে বড় অর্জন।”