কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় দোয়ারার ফাঁস বাজার এলাকায় একটি দোকানে ডিম পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান ওরফে মোক্তার (৪৫) তাকে ডেকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “লিখিত অভিযোগটি এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।