নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনী এলাকায় বসবাসরত সংখ্যালঘু জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে “মাইনোরিটি সাপোর্ট সেন্টার” (হিন্দু ধর্মাবলম্বী বিষয়ক উপকমিটি) গঠন করেছেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
জানা গেছে, নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর সার্বিক কল্যাণ, সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি উপজেলার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি দলও গঠন করা হয়েছে, যারা স্থানীয় পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।


উদ্যোগের অংশ হিসেবে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে মতামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ড. আতিক মুজাহিদ বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি নাগরিকের উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
তিনি আরও জানান, এলাকার টেকসই ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো গুরুত্বপূর্ণ পরামর্শ, দাবি বা সমস্যা সংশ্লিষ্ট উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার সুযোগ থাকবে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।