উলিপুরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
বক্তারা বলেন, উলিপুরের বিভিন্ন নদ-নদী ও চরাঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন বৃদ্ধি, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত পদযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আয়োজকরা জানান, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।