সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের বিভিন্ন খাতে অর্জন ও উদ্যোগ তুলে ধরেছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহ্দী আমিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ মাসে সরকার জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, জনকল্যাণমূলক কর্মসূচি, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে সরকারের দাবি অনুযায়ী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরা হয়।
মুখপাত্র আরও বলেন, সরকার আগামী দিনগুলোতেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।