মাস্টার্স ডিগ্রি অর্জনের পরও প্রচলিত পেশার বাইরে গিয়ে বাসচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন মোছা. রাবেয়া খাতুন। উচ্চশিক্ষিত একজন নারী কেন বাসচালকের পেশা বেছে নিলেন এ নিয়ে পরিবারের আপত্তি থাকলেও সেটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি।
রাবেয়া খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ব্র্যাকেও কাজ করেছেন। বর্তমানে রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’-এর চালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
রাবেয়া বলেন, বাস চালানোর কাজকে তিনি শুধু জীবিকার মাধ্যম হিসেবে দেখছেন না। বরং এটি প্রচলিত সামাজিক ধারণা ভাঙার এবং নতুন কিছু করার সুযোগ।
তিনি বলেন, ‘এই কাজটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পরিবার তো আসলে কখনোই এর পক্ষে না। তারা বলছেন, আমি মাস্টার্স পাস। তাদের ধারণা, একজন মাস্টার্স পাস মেয়ে চালক হিসেবে কাজ করবে বাংলাদেশ এখনো সেটা ডিজার্ভ করে না।’
তবে নিজের পেশাকে ভিন্নভাবে দেখেন রাবেয়া। তাঁর ভাষায়, ‘এটাকে চালক না ভেবে যদি আমি নিজেকে পাইলট ভাবি, তাহলে আমার অপরাধটা কী? কোনো অপরাধ নাই।’
বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া অনেক মানুষ পড়াশোনার পাশাপাশি ড্রাইভিংসহ বিভিন্ন কাজ করে নিজেদের খরচ চালান এমন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রাবেয়া। তাঁর প্রশ্ন, বিদেশে গিয়ে যদি মানুষ ড্রাইভিংকে সম্মানজনক পেশা হিসেবে নিতে পারেন, তাহলে বাংলাদেশে কেন তা সম্ভব হবে না?
রাবেয়া বলেন, ‘আমরাই নতুন করে সৃষ্টি করবো, আমরা আমাদের দেশটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, যদি নতুন কিছু করা যায়। আমি সেটার লক্ষ্যেই আছি।’
পিংক বাসের আরেক নারী চালক সুপ্রিয়া কুন্ডুও এই কাজকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখছেন। তাঁর মতে, নারীদের জন্য নির্দিষ্ট রুটে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বাস চালু হলে স্কুলগামী মেয়েদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সুপ্রিয়া বলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটে পিংক বাস চলাচল করলে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে মায়েদের উদ্বেগ অনেকটাই কমবে। একই সঙ্গে সড়কে অন্যান্য যানবাহনের চালকদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হিসেবেই দেখতে চান তিনি।
আরেক চালক রিমাও পিংক বাস সার্ভিসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, নারীরা শুধু প্রচলিত কয়েকটি পেশার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এমন ধারণা বদলানো প্রয়োজন।
রিমা বলেন, নারীরা চাইলে বড় পরিসরের দায়িত্বও সফলভাবে পালন করতে পারেন। পিংক বাস সার্ভিসে নারী চালক হিসেবে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর উদ্বোধন করা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।