কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান এক খামারির কাছ থেকে চশমা উপহার পেয়ে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন। উপজেলা কার্যালয়ের কক্ষে তোলা ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘Gift From Dear Farmer (sunglass)’। পোস্টটি প্রকাশের পর তাঁর শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন প্রতিক্রিয়া ও মন্তব্য করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আশিকুজ্জামান ৩৬তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি প্রশিক্ষণ, খামারিদের মধ্যে সরকারি উদ্যোগে পশু বিতরণ, টিকাদানসহ দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে ছাগল বিতরণের পর একটি ছাগলকে কেন্দ্র করে সমালোচনা তৈরি হয়েছিল বলেও জানা গেছে।
এদিকে, উপজেলার কামাত আঙ্গারিয়া এলাকার খামারি মো. রফিজ উদ্দিনের গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে। তাঁর দাবি, নিজের পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে দুটি গরু কিনে বাড়িতে খামার গড়ে তুলেছিলেন তিনি। এর মধ্যে একটি গাভি আট মাসের গর্ভবতী ছিল, যার প্রায় দুই মাস পর বাছুর দেওয়ার কথা ছিল।
রফিজ উদ্দিন জানান, ২০২৫ সালের ১০ নভেম্বর সকালে গোয়ালঘরে গিয়ে দেখেন, একটি কালো বকনা গরু খিঁচুনি দিয়ে ছটফট করতে করতে মারা গেছে। অন্যদিকে, আট মাসের গর্ভবতী গাভিটির মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি গাভিটি জবাই করেন। এতে তাঁর আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
খামারির ভাষ্য, প্রতিবেশীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ কারণে তাঁর ধারণা, ওই বিরোধের জেরে গরু দুটিকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, ঘটনার পর প্রাণিসম্পদ কার্যালয় ও থানায় যোগাযোগ করেন। পরে ভূরুঙ্গামারী থানায় জিডি নম্বর ৪৯১/২৫ করা হয়। গরুর ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রকাশ হয়েছিলো।
রফিজ উদ্দিনের অভিযোগ, ঘটনার পর থেকে তিনি প্রাণিসম্পদ কার্যালয় থেকে কোনো আর্থিক সহায়তা পাননি। গরু দুটির মৃত্যুর পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনেও কোনো পদক্ষেপ দেখে নাই। ন্যায়বিচারের আশায় তিনি মাঝেমধ্যে থানা ও প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করে যাচ্ছেন।
তিনি প্রত্যাশা করেন ন্যায় বিচার পাবেন।