বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’ তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।