নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির লেংগুড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল উপজেলার ৫ নম্বর লেংগুড়া ইউনিয়নের বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৭৩ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় মদ ২ বোতল ও বিয়ার ১ বোতল জব্দ করা হয়।
অভিযানে মো. আপেল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।