কুড়িগ্রামের রৌমারী উপজেলার চুলিয়ার চর এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ বাবু মিয়া (৩৫) ও মতলেব (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রৌমারী থানার বিশেষ অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া একই সময়ে জুয়াবিরোধী অভিযান চালিয়ে ২৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।