বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগকে সমর্থন জানিয়ে বন বিভাগের সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশের কুড়িগ্রাম প্রোগ্রাম এরিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার সিফাত ইসলাম, হরিশ্বর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।