দুর্যোগ মোকাবিলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক ধারাবাহিকতা নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত জরুরি সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে কুড়িগ্রামে ‘Progress Learning and Sharing Program’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এবং FBCCI Safety Council-এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত Bangladesh Preparedness Partnership (BPP)-Phase 2-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজীর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ।
এছাড়া FBCCI Safety Council-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. মঞ্জুর কাদের খান, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট মো. সাখাওয়াত হোসেন এবং ADPC-এর কুড়িগ্রাম জেলার BPP Coordinator এরশাদুল হক উপস্থিত ছিলেন।
PERT সদস্যদের সনদ বিতরণ
BPP-2-এর আওতায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত Private Sector Emergency Response Team (PERT)-এর সদস্যদের দুই ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে Business Continuity Plan (BCP), দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান এবং দুর্যোগের প্রভাব প্রশমন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত PERT সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
একই সঙ্গে প্রকল্পের আওতায় কুড়িগ্রামে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি, অর্জিত অভিজ্ঞতা, প্রশিক্ষণ থেকে পাওয়া শিক্ষা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অংশীজনদের মধ্যে মতবিনিময় হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাত ও ব্যবসায়ী সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত PERT সদস্যরা স্থানীয় পর্যায়ে দুর্যোগকালীন জরুরি সাড়াদান ও সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, কার্যকর সমন্বয় এবং দ্রুত সাড়া প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও কার্যকরভাবে কমানো সম্ভব।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজীর রহমান দুর্যোগকালীন সময়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, Business Continuity Plan (BCP) এবং প্রশিক্ষিত PERT সদস্যরা দুর্যোগের সময় ব্যবসা ও প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে PERT সদস্যরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ে সম্ভাব্য ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।
FBCCI Safety Council-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর জানান, BPP-2-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্থানীয় চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও বেসরকারি খাতের দুর্যোগ প্রস্তুতি আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রকল্পে সহায়তার জন্য ADPC ও Gates Foundation-এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের সদস্য, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত PERT সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।