শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে জেলার সার্বিক শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ), কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন ও এসওএস পরিবারের শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন রেজওয়ানুল হক নুরনবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরত-এ খুদা, নাজির হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের এরিয়া ম্যানেজার আব্দুস সালাম এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মকলেছুর রহমান।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, এনজিও ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এনসিটিএফের শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে কুড়িগ্রাম জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন।
শিশু প্রতিনিধিরা বলেন, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে বাল্যবিবাহ, সহিংসতা, শিক্ষার পরিবেশ ও দুর্যোগকালীন ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা জরুরি।
সভায় শিশুদের বক্তব্য ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার পাশাপাশি তাদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।