কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে “৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
জেলা প্রশাসন, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে সুস্থ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং সকল প্রতিযোগীর সাফল্য কামনা করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়ামুখী মানসিকতা গড়ে তুলতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।