ডে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। রোববার সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
ভূরুঙ্গামারী সরকারি কলেজে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইন ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা। তারা কলেজ মাঠের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং জমে থাকা আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করেন।
অন্যদিকে, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহিমুল ইসলাম রাহাত ও সাধারণ সম্পাদক মো. শিহাব হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে প্রচার সম্পাদক সায়েদ, আকিমুল, মোহাম্মদ আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তারা প্রতিষ্ঠানের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি ক্যাম্পাসের জলাবদ্ধতা দূর করতে কাজ করেন।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।