নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে জামাল মিয়া গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত কার্যক্রম শুরু করে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন মিয়া ঘটনার পর পালিয়ে যান। তবে তার স্ত্রী অজু আক্তারকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।