কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গায় সামাজিক উন্নয়ন ও যুবসমাজের ঐক্যবদ্ধ প্রয়াসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’। “সেবা, ঐক্য, প্রগতি”—এই মূলমন্ত্রকে সামনে রেখে গত ১ জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠিত সংগঠনটি তার যাত্রার শুরুতেই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
১২ জুন ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলার বামনডাঙ্গার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সেফাতুল্লাহ-হুছনা দারুল উলুম নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক মোঃ কামরুল হুদা এবং ক্রীড়া সম্পাদক মোঃ জামাল হোসেন (টুকু)সহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তারা মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করাই এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য। বৃক্ষরোপণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ভবিষ্যতে রক্তদান কর্মসূচি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই সংগঠনটি এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।