জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বৃদ্ধি করা হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার মূল্যবৃদ্ধির চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে এসেছি। গ্যাসের দাম যদি এক টাকাও বাড়ানো হয়, তাহলে এই সরকার চালাতে পারবেন না। বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু গ্যাসের দাম বাড়িয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের আশ্বাসও বাস্তবায়ন হয়নি। নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এসব পাঁয়তারা চলবে না, বাংলাদেশে মুনাফাবাজি করতে দেওয়া হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, সরকারের সিন্ডিকেট-নির্ভর নীতির কারণে দেশে কৃত্রিম গ্যাস সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করেই মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগও তোলেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেওয়া হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।