একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি উজ্জ্বল ভবিষ্যৎ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে ময়নার খামার যুব সংঘ আয়োজন করেছে শিক্ষা সঞ্চয় বৃক্ষ বিতরণ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আজ দুপুরে ৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ও একটি কবরস্থানে মোট ১০০০ বৃক্ষ বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী প্রজন্মের কাছে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ও ভবিষ্যতে শিক্ষার্থীদের সঞ্চয় হিসেবে এ কার্যক্রম ব্যপক ভাবে সারা ফেলবে।
তারা আরো জানান রাণীগঞ্জ ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বৃক্ষ বিতরণ করার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষের উপকারীতা, বৃক্ষ নিধনের ফলে সৃষ্ট সমস্যা ও এর প্রতিকারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পরে, বৃক্ষের প্রতি যত্নশীল হতে সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
সংগঠনের একজন সদস্য বলেন, আজ যে শিক্ষার্থী ক্লাস ওয়ানে পড়ছে, আগামী ১০ বছরে সে আমাদের কাছ থেকে ১০টি গাছ পাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই গাছগুলো বড় হয়ে একদিকে যেমন আমাদের গ্রাম ও ইউনিয়নকে সবুজে ভরিয়ে তুলবে, অন্যদিকে ১০–১২ বছর পর এগুলো ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা ও প্রয়োজনের সময়ে একটি সঞ্চয় হিসেবে কাজে আসতে পারে। তাই আমরা বলছি আজকের একটি গাছ, আগামীর শিক্ষার সঞ্চয়।