রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক কর্মচারী ও দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে। এর আগে পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানিয়েছিলেন।
এক শিক্ষার্থী জানান, প্রথম বিস্ফোরণের শব্দ শুনে অনেকে গাড়ির চাকা ফেটে যাওয়ার ঘটনা বলে মনে করেছিলেন। তবে কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারেন তারা। পরে জানতে পারেন, কলেজের একজন কর্মচারী ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহম্মেদ এ ঘটনাকে কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলমান থাকায় ওই সময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।
এদিকে, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। বিভিন্ন উৎস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।