নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নেত্রকোণা পৌরসভার মেছুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী প্রবীর সরকার মালিকানাধীন ‘মা কালী ভান্ডার’ নামের দোকান থেকে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোণা থানা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও আগত ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।