পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মারা গেছেন তরুণ হাফেজ ও ইমাম মুহাম্মদ আতাউল্লাহ। সোমবার ভোরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে গিয়ে ফজরের সুন্নত নামাজে দাঁড়ান হাফেজ আতাউল্লাহ। প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদায় যান তিনি। তবে দীর্ঘ সময় পার হলেও সেজদা থেকে আর মাথা তোলেননি।
বিষয়টি মুসল্লিদের নজরে এলে তাঁরা কাছে গিয়ে ডাকাডাকি করেন। পরে বুঝতে পারেন, সেজদারত অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন তরুণ এই ইমাম।
হাফেজ আতাউল্লাহ প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। শান্ত স্বভাব, অমায়িক আচরণ ও হাস্যোজ্জ্বল ব্যবহারের কারণে অল্প সময়েই তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
নিহত আতাউল্লাহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করেন। তাঁর সংসারে রয়েছে দুই শিশু সন্তান।
স্বজনরা জানান, বৃদ্ধ বাবার একমাত্র সন্তান এবং পরিবারের প্রধান অবলম্বন ছিলেন আতাউল্লাহ। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে আহাজারি।
সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহকে।