বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘FICCI FDI Conference 2026’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
তিনি উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব নীতি, ব্যবসা পরিচালনার সহজীকরণ এবং আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে নতুন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনকে দেশের বিনিয়োগ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।