বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংবাদ উপস্থাপিকা কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ১১(২) ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কাজী জেসিন দীর্ঘদিন ধরে দেশের টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও টকশো পরিচালনার সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন সময়ে বেসরকারি টেলিভিশনে সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন